খবর বাংলা ডেস্ক :
সিঙ্গাপুরে জাতিগত বিভেদ ও উসকানিমূলক ছড়ানোর অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শনিবার (৬ জুন) সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) ‘অনলাইন ক্রিমিনাল হার্মস অ্যাক্ট ২০২৩’ প্রয়োগ করে ইউটিউব, ফেসবুক ও এক্স (টুইটার) কর্তৃপক্ষকে এই নির্দেশনা জারি করে।
তদন্তে জানা গেছে, এই ক্ষতিকর বিষয়বস্তুগুলো মূলত চীন-ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তৈরি করে সিঙ্গাপুরের ভেতরে পরিকল্পিতভাবে অপপ্রচার ও গুজব ছড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হচ্ছিল। পোস্টগুলোতে মূলত ভারতীয় প্রবাসীদের টার্গেট করে অত্যন্ত অপমানজনক, বর্ণবাদী ও উগ্র মন্তব্য করা হয়। দাবিগুলো বিশ্বাসযোগ্য করতে সপ্তাহান্তের ছুটির দিনে ‘লিটল ইন্ডিয়া’র ব্যস্ত রাস্তার ছবি এবং একটি ধর্মীয় উৎসবের ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছিল।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মকাণ্ডগুলো দেশটির দণ্ডবিধির ২৯৮এ ধারার অধীনে সুস্পষ্ট অপরাধ, যা বিভিন্ন জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়ানোকে নিষিদ্ধ করে। নতুন আইনের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে মন্ত্রণালয় উগ্র জাতীয়তাবাদ ও বিদেশভীতির তীব্র বিরোধিতা করে নাগরিকদের অনলাইন তথ্য গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণ হওয়ার আহ্বান জানিয়েছে।\
তথ্য সূত্র : কালের কণ্ঠ











