খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তির বিস্তারিত শর্ত এখনো ইসরায়েলের কাছে স্পষ্ট নয়। তবে চুক্তি হোক বা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল বর্তমানে তাৎক্ষণিক ধ্বংসের হুমকি থেকে অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে। তার দাবি, দেশটি অতীতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হয়েছিল এবং সেই পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালিত সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং সামরিক সক্ষমতার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলা হয়েছে। একই সঙ্গে এসব অভিযানের কারণে ইরানের অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সব বিষয়ে মতের মিল না থাকলেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।
লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা বাফার জোনে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানও চলমান রয়েছে।
তার ভাষায়, মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে প্রতিরক্ষা বাজেট ৩৫০ বিলিয়ন শেকেল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথাও জানান নেতানিয়াহু। তিনি বলেন, ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে নেতানিয়াহু জানান, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং জয় নিয়ে আশাবাদী।
অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময়ের সংঘাতের পরও ঘোষিত লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়নি। একই সঙ্গে ইরান ভবিষ্যতেও ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











