খবরবাংলা ডেস্ক :
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এসব কথা বলেন। পরে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি জানানো হয়।
ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজা যুদ্ধ, তুরস্ক-সৌদি আরব-পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এরদোয়ান বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনৈতিক পথকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে আঙ্কারা সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।
গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা
ফোনালাপে গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতি চললেও গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
এরদোয়ান বলেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে রোববার (১৬ আগস্ট) তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি চুক্তিটিকে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই এরদোয়ানের এই আহ্বান তুরস্কের সক্রিয় মধ্যস্থতার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়েও আঙ্কারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











