খবরবাংলা ডেস্ক :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় সোমবার মাদুরাইয়ে নবজাতক শিশুদের জন্য ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার একটি প্রকল্প চালু করেছেন। ‘থাইমামান থাঙ্গা মোথাইরাম থিত্তাম’ বা ‘ম্যাটার্নাল আঙ্কেল গোল্ড রিং স্কিম’ নামে পরিচিত এই উদ্যোগটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে প্রকল্পটির উদ্বোধন করেন বিজয়। এ সময় তিনি কয়েকজন নবজাতককে কোলে নেন এবং তাদের হাতে সোনার আংটি তুলে দেন।
নবজাতকদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানানো এবং পরিবারগুলোর পাশে থাকার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। নবজাতকদের সোনার আংটি দেওয়ার এই প্রকল্পের জন্য তামিলনাড়ু সরকার ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।
সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে মাতৃত্বকে সম্মান জানানো, নারীদের স্বাস্থ্যসেবার উন্নতি এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে মানুষকে উৎসাহিত করা হবে। এর ফলে আরো বেশি পরিবার সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বিতরণের জন্য সরকার ইতিমধ্যে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি সংগ্রহ করেছে। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের, বিশেষ করে স্থানীয় মায়েদের সন্তানদের এই সুবিধার আওতায় আনা হবে।
এই প্রকল্পটি ২০২৬ সালের ২২ জুন বা তার পরে জন্মগ্রহণকারী যোগ্য শিশুদের জন্য প্রযোজ্য। তামিলনাড়ুর মন্ত্রী অরুণ রাজ বলেন, মামা ও ভাগ্নে-ভাগ্নির সম্পর্ক ভালোবাসা ও দায়িত্বের প্রতীক।
এই সম্পর্ককে সম্মান জানাতেই সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, শিশুর জন্মের পর মামা যেমন তার বোন ও শিশুর পাশে থাকার প্রতিশ্রুতি দেন, তেমনি এই আংটি সেই ভালোবাসার প্রতীক। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে এক গ্রাম ওজনের একটি সোনার আংটি দেওয়া হবে। প্রকল্পটি মাদুরাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী বিজয়। মাদুরাইয়ের ঐতিহ্য ও গুরুত্বের কথা বিবেচনা করেই এই শহরকে বেছে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সরকার জানিয়েছে, প্রতিটি আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। নিরাপত্তার জন্য আংটিগুলো বিশেষ প্যাকেটে করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা যেসব মা গর্ভাবস্থায় পিকমিতে নিবন্ধন করে আরসিএইচ আইডি পেয়েছেন, তাদের সন্তানরা এই প্রকল্পের সুবিধা পাবে।
২২ জুন থেকে প্রকল্প চালুর দিন পর্যন্ত সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য জমে থাকা আংটি বিতরণে রাজ্যজুড়ে ১০৭টি কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১০০ জন শিশুকে আংটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রকল্প চালুর পর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ই সোনার আংটি দেওয়া হবে। তবে সোনার আংটি কেনার জন্য তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস কপোরেশনকে ব্যবহার করা নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এই সংস্থার মূল কাজ ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটা করা।











